পাবনা শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে শহরের ২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া জামে মসজিদের পাশের বউবাজার ক্লাব এলাকায় এই ঘটনা ঘটে। দুই পক্ষের এ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই মন্ডলপাড়ায় দুইটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এর আগেও কয়েক দফা কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে সেই উত্তেজনা চরমে পৌঁছায়। পরে সেটি সংঘর্ষে রুপ নেয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে।
এ সময় অন্তত ১২ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন মো. ইমরান, শহিদুল ইসলাম মিলন, সোহান, মাহফুজ, তাহাত, বিজয়, জাফর, রিয়েল, জুয়েল, হাসিফ, নওশাদ ও প্রান্ত। তাদের সকলের বাড়ি পাবনা শহরের মণ্ডলপাড়া ও কাচারিপাড়া এলাকায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পাবনা থানা, ডিবি ও ডিএসবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে তারা পুরো এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থল থেকে ধারালো ছোরা ও ছয়টি গুলির খালি খোসা জব্দ করা হয়। একই সঙ্গে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়। সংঘর্ষের পর এলাকায় জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা পুলিশের একাধিক ইউনিট পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। একজনকে আটক করা হয়েছে। সংঘর্ষে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।’