ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে মো. সজীব আহম্মেদ (৩৪) নামে এক মাদক কারবারির প্যান্টের ভিতর থেকে ৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করেন তারা। পরে আদালত তাকে জেলহাজতে পাঠায়।
এর আগে বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারে সাগরিকা পরিবহণ নামে একটি বাসে অভিযান চালিয়ে মাদক কারবারি সজীব আহম্মেদকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে সাগরিকা পরিবহণ বাসে অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে হারুয়া বাজারে চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম। এতে সাগরিকা পরিবহণের যাত্রী সজীব আহম্মেদের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভিতরে বিশেষ কায়দায় লোকানো ২২০৫ পিস ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত ইয়াবার মূল্য ৮ লাখ ৮২ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, ময়মনসিংহের বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।