ভিলা বেলমিরোতে বুধবার রাতে ব্রাজিলিয়ান সিরি-আ’র ম্যাচে ইন্টারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় সান্তোস। ম্যাচের শেষ মুহূর্তে যখন তার দল পিছিয়ে, তখন বক্সের ভেতর নেইমারের পায়ে বল এলে জোরালো শট নেন। গোলকিপারের হাতে লেগে সেই বল বারে লাগলেও সীমা অতিক্রম করেনি। কিন্তু সমতা টানার উদযাপনে মেতে উঠেছিলেন নেইমার। পরে বাতিল হয় সেই গোল। এতে এই ম্যাচে হেরে রেলিগেশন জোনে চলে যায় সান্তোস। স্বভাবতই মেজাজ বিগড়ে থাকার কথা নেইমারের।
এরপরেই এক অস্বস্তিকর ঘটনা ঘটান তিনি। সান্তোসের হারের পর দলীয় পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকরা গ্যালারি থেকে ক্ষোভ প্রকাশে দ্বিধা করেননি। এক বিশেষ সমর্থক তো খেলোয়াড়দের উদ্দেশে চিৎকার করে গালাগাল পর্যন্ত করেন। আর সেটি কানে যায় নেইমারের। মাঠে থাকা নেইমার প্রতিক্রিয়াশীল হয়ে ওঠেন, শান্তভাবে উপেক্ষা না করে সেই সমর্থকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান, এমনকি দেখে মনে হয় তাকে লড়াইয়ের চ্যালেঞ্জও ছুড়ে দেন। দুপক্ষের আবেগ প্রকাশে এতখানি তিক্ততা বিরল, বিশেষ করে নিজ ক্লাবের সমর্থকদের সঙ্গে সরাসরি বচসা। সামাজিকমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিও। সান্তোস সমর্থকদের একটি অংশ এ ঘটনার সমালোচনা করলেও অনেকে নেইমারের আবেগকেও বুঝতে চেয়েছেন।