না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান। ৭১ বছর বয়সী হোগান ফ্লোরিডার নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা জরুরি নম্বরে কল করে সাহায্যও চেয়েছিলেন। কিন্তু জরুরি পরিষেবাও তাঁর প্রাণ বাঁচাতে পারেনি।
জানা গেছে, গত মাস থেকেই অসুস্থ ছিলেন হোগান। একাধিক অস্ত্রোপচারের পর কোমায় চলে যাওয়ার গুঞ্জন উঠলেও তাঁর স্ত্রী সেই খবর গুজব বলে উড়িয়ে দেন। এবার এলো তাঁর মৃত্যুর খবর। হোগানের বাড়িতে হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। ফায়ার ও রেসকিউ টিম তাঁকে উদ্ধার করে মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রেসলিংকে জনপ্রিয় করার নেপথ্যে বড় ভূমিকা ছিল হোগানের। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে পেশাদার কুস্তিতে তিনিই ছিলেন সবচেয়ে বড় তারকা। তাঁর চওড়া গোঁফ ও পেশিবহুল শরীর সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করত। প্রথম ৯ বারের রেসলমেনিয়াতে ৮ বারই তিন ছিলেন প্রধান আকর্ষণ। ৬ বারের রেসলিং চ্যাম্পিয়ন হোগান তাঁর বাচনভঙ্গির জন্যও জনপ্রিয় ছিলেন।
হাল্ক হোগানের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে ডব্লুডব্লুই লিখেছে, ‘ডব্লুডব্লুই হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-এর দশকে ডব্লুডব্লুইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে ডব্লুডব্লুই।’