বড় ব্যবধানে শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান। তবু সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমান আগাকে প্রশ্নবানে বিধ্বস্ত করলেন পাকিস্তানের সাংবাদিকরা। কোনোমতে হাঁফ ছেড়ে উঠে যেতেই বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের আগমন। তাকে দেখিয়ে সালমান আগা বললেন ‘ওকে কঠিন কঠিন প্রশ্ন করুন!’ তার কথায় লিটনসহ হেসে উঠলেন সবাই।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজসেরা লিটন সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে ব্যর্থ। তিন ম্যাচে করেছেন মাত্র ১৭ রান! তবে সিরিজ নিশ্চিত হওয়ায় খুব একটা কঠিন প্রশ্নের মুখে অবশ্য পড়তে হলো না বাংলাদেশ অধিনায়ককে। তারপরও লিটন নিজেই শোনালেন উন্নতির তাগিদ। বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার পথে দলের কিছু কিছু জায়গায় আরও উন্নতি চান টাইগার অধিনায়ক।
মিরপুরের ভালো উইকেটেও বাজে ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘এটা খুবই ভালো উইকেট ছিল। যে দুটি ম্যাচ আমরা আগে খেলেছি, সেগুলোর চেয়ে অনেক ভালো উইকেট ছিল। ব্যাটিং বান্ধব উইকেট ছিল। আমরা বোলিং ইনিংসে অনেক ভালো বোলিং করেছি। অধিনায়ক হিসেবে আমি মনে করি, ১৮০ রান তাড়া করা উচিত ছিল আমাদের। পাওয়ার প্লেতেই আমরা ম্যাচটা অনেকটা হেরে গেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আজকে হিসেবি ব্যাটিং করতে পারিনি আমরা।’
তবে সিরিজ নিয়ে বেশ সন্তুষ্টই মনে হলো লিটনকে, ‘এই সিরিজ সব মিলিয়ে খারাপ যায়নি। যে উইকেট আমাদেরকে দেওয়া হয়েছে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে থাকে নিজের খেলা। আমরা চেষ্টা করেছি সেরা ক্রিকেট খেলার। আমার মনে হয়, আমরা ভালোই দুটি ম্যাচ খেলেছি। আজকের ম্যাচ ছাড়া। আজকে ব্যাটিং আমরা ভালো করিনি। গোটা সিরিজে সবমিলিয়ে বোলিং ভালো করেছি।’
বিশ্বকাপ সামনে রেখে লিটন দিলেন উন্নতির তাগিদ, ‘এমনিতে সফল হলেও কিছু কিছু জায়গা তো থাকবেই উন্নতির জন্য। দল হিসেবে আমরাও জানি আমাদের কোথায় ঘাটতি আছে। আমাদের এই সিরিজের পর কোনো খেলা নেই (অনেক দিন), আমাদের একটা বিরতি আছে। টানা ৪০ দিন ধরে টানা খেলছি আমরা। কিছুদিন বিরতির পর আবার আমরা ফিটনেসের ওপর মনোযোগ দেব এবং যে সুযোগ আমাদের সামনে আসবে, যদি আমরা ক্যাম্প করি বা কোনো সিরিজ যদি হয়, ওটাকে আমরা আবার ম্যাচে রূপান্তর করার চেষ্টা করব।’
তিনি বলেন, ‘গত কিছুদিন ধরে আমরা নতুন বলে খুবই ভালো বোলিং করছি। তবে বোলিং ইউনিট হিসেবে ডেথ বোলিং আরেকটু শক্তিশালী করতে হবে। এটা আমার ধারণা ও গোটা দলও এরকমই মনে করি। অবশ্যই ব্যাটিং তো আছেই (উন্নতির জন্য)। ভালো ব্যাটিং উইকেটে যখন টানা খেলবেন, ভালো ব্যাটিং করবেন, বোলারদের ম্যাচ জেতানোর সুযোগটা বেশি থাকবে।’
ভাঙা পায়ে পান্তের সাহসী ব্যাটিং
একাদশে পাঁচ পরিবর্তনের যে ব্যখ্যা দিলেন লিটন
শেষ ম্যাচের টিকিটের টাকা ‘জুলাই ফাউন্ডেশন’ ও বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেবে বিসিবি