পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে প্রাণ হারিয়েছেন দেশটির সেনাবাহিনীর এক মেজর ও নিরাপত্তা বাহিনীর আরেক সদস্য। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে—জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।
আইএসপিআর-এর বিবৃতি অনুযায়ী, মাস্তুং জেলার একটি এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় গোলাগুলিতে তিনজন সন্ত্রাসীকে ‘নরকে’ পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর মেজর জিয়াদ সেলিম আওয়াল (৩১) নিহত হন। তিনি সামনের সারিতে থেকে সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন। একই সঙ্গে সিপাহী নাজাম হুসেইন (২২)ও প্রাণ হারান।
বিবৃতিতে আরও জানানো হয়, ওই অঞ্চলে এখনো সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে এবং সন্ত্রাসীদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যার অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সংঘটিত হচ্ছে।