রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আইমান (১০) মারা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আইমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, আইমানের শ্বাসনালীসহ শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এনিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউট ১৪ জনের মৃত্যু হলো।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
আইমান মারা যাওয়ার পর এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে আরও ৪১ জন।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মাইলস্টোন ট্রাজেডিতে আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মোট ৩২ জন মারা গেছে। এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫১ জন।