পিকআপভ্যানকে বাসের ধাক্কা, দুই সহোদর নিহত

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১০:৫০ এএম

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানকে পেছন থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে দুই ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) রাত ৩টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া তামিম ডিজিটাল স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালীয়া কাজী বাড়ীর শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী বাস এসে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করে। এ ছাড়া একরামের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। চট্টগ্রাম নেওয়ার পথে একরাম হোসেনও মারা যান।

নিহতের জেঠাতো ভাই মো. সুজন বলেন, মোশারফ আলভী এন্টারপ্রাইজ নামে একটি পরিবহন চাকরি করে। তাদের একটি পিকআপ রাস্তার পাশে পড়ে যায়। তার কোম্পানি আলভী এন্টারপ্রাইজের মালিক তাকে খবর দেয় সেখানে গিয়ে গাড়িটি উদ্ধার করতে। রাত ৩টার দিকে তার ছোট ভাইকে নিয়ে গাড়িটি উদ্ধার করতে যায়। গাড়িটি তুলে রাস্তাপাশে দাঁড় করায়। এ সময় মোশারফ পেছনে চাকার যোগান দিতে যায়। হঠাৎ পিছন থেকে  নোয়াখালীগামী লাল সবুজ নামে একটি বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয় এরপর ঘটনাস্থলে মোশারফ হোসেন মারা যায়, তার ছোট ভাই একরাম আহত হয়। আহতকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম নেয়ার পথে সেও মারা যায়। এক সাথে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, একটি অজ্ঞাত বাস পিকআপকে সজোরে ধাক্কা দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত