ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীকে হয়রানি

মোহাম্মদপুর থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গেলে অসহযোগিতা ও হয়রানি করেন।

এদিকে সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এর আগে ছিনতাইয়ের ঘটনা এবং পুলিশের গাফিলতির অফিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মোবাইল আহমাদ ওয়াদুদ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে মোহাম্মদপুরে আমার সঙ্গে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা আমার একটি মোবাইল ফোন এবং কিছু টাকা-পয়সাসহ মানিব্যাগ নিয়ে যায়। আমাকে চাপাতি দিয়ে কিছু আঘাত করে। সৌভাগ্যবশত আঘাত গুরুতর নয়। আমার সঙ্গে আমার স্ত্রী ছিলেন। একটু দূরে থাকায় তিনি নিরাপদ ছিলেন।

পোস্টে ওয়াদুদ জানান, ঘটনার পাঁচ মিনিটের মাথায় তিনি মোহাম্মদপুর থানায় যান। কিন্তু থানায় গিয়েই অপ্রত্যাশিত আচরণ পান তিনি।

এ ঘটনার পর ডিএমপি জানিয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন—এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দু’জন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান গণমাধ্যমকে জানান, সন্দেহজনকভাবে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।