টেস্ট ক্রিকেটে রানের তালিকায় একে একে সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন জো রুট। এবার পেছনে ফেললেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকেও।
শুক্রবার ভারতের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে নিজের ৩৮তম সেঞ্চুরি করার পথে রুট ছুঁয়ে ফেলেন ১৩ হাজার ৩৭৯ রান—যা পন্টিংয়ের ১৩ হাজার ৩৭৮ রানের চেয়ে এক রান বেশি। এই কীর্তি গড়তে রুট খেলেছেন ১৫৭ ম্যাচে ২৮৬ ইনিংস, পন্টিংয়ের লেগেছিল ১৬৮ ম্যাচ আর ২৮৭ ইনিংস।
একইদিনে তিনি ছাড়িয়ে গেছেন জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়কেও। ক্যালিসের রান সংখ্যা ১৩ হাজার ২৮৯, আর দ্রাবিড়ের ১৩ হাজার ২৮৮।
রুট এখন টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সামনে আছেন কেবল ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকার, যিনি ২০০ টেস্টে করেছিলেন ১৫ হাজার ৯২১ রান।
শুধু রানেই নয়, সেঞ্চুরিতেও রুট ছুঁয়ে ফেলেছেন কুমার সাঙ্গাকারাকে। দুজনেরই টেস্ট শতক এখন ৩৮টি করে। ভারতের বিপক্ষে এটি ছিল রুটের ১২তম শতক, যা কোনো ব্যাটারেরই ভারতের বিপক্ষে সর্বোচ্চ। এই তালিকায় তিনি এখন একা শীর্ষে, সরিয়ে দিয়েছেন স্টিভ স্মিথকে (১১)।
৩৩ বছর বয়সী রুট এরই মধ্যে ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সফল টেস্ট ব্যাটার। এখন দৃষ্টি শুধু একটি লক্ষ্যের দিকে—টেস্ট ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক, শচীনকেও ছাড়িয়ে যাওয়ার পথে।
চা বিরতির আগ পর্যন্ত ১০২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৩৩ রান সংগ্রহ করেছে ইংলিশরা। রুট ১২১ ও বেন স্টোকস ৩৬ রানে অপরাজিত আছেন।