নাহিদ ইসলাম

আগামীতে সিলেট এনসিপির অন্যতম দুর্গ হবে

আগামীর বাংলাদেশে সিলেট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম দুর্গ হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ন্যায্য আন্দোলন-সংগ্রামে সিলেটবাসীর গৌরবময় অবদান রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও সিলেটবাসীর অনন্য ভূমিকা রেখেছেন। এই জেলায় ১৭ জন মানুষ শহিদ হয়েছেন। সিলেটের মানুষ যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন। তাদের পাঠানো কষ্টার্জিত টাকায় দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তেল, গ্যাস, পাথরসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেট। সিলেটবাসীর এত অবদান সত্ত্বেও সিলেটে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এনসিপি সিলেটকে শিল্পশহর হিসেবে গড়ে তুলতে চায়।

শুক্রবার বিকালে সিলেটে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের ভাইয়েরা শহিদ হয়েছে। নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। তাদের সেই আত্মত্যাগে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। এখন নতুন বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে আমরা সারা দেশের মানুষের কাছে যাচ্ছি। যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি। ধর্মের ভিত্তিতে আমরা বিভক্ত হতে চাই না। আমরা এ দেশকে সত্যিকার অর্থেই সকলের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকার কাজ করছে। তবে এটা কতদূর এগিয়েছে জানি না। সরকারের কাছে আমাদের দাবি অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

গণহত্যার বিচার ও রাষ্ট্র কাঠামো মেরামতে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে এনসিপির এ নেতা বলেন, এজন্য আমরা মাঠে নেমেছি। আমরা নতুন সংবিধান চাই। সেই সংবিধানে আপনার-আমার সকলের কথা থাকবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, সিলেটের মুখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, এনসিপি নেতা ডা. এহতেশাম, ডা. আব্দুল্লাহ প্রমুখ।

সমাবেশের আগে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনসিপির জুলাই পদযাত্রা। এতে ছাত্র-তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। 

এর আগে সুনামগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটকে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এতদিন গোলামের জীবনযাপন করতাম। বিশেষ করে আবাসিক হলগুলোতে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হতো। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদদের মাধ্যমে আমরা শপথ নিয়েছি- আমরা আর গোলামের জীবন যাপন করবো না। সবাই মর্যাদা নিয়ে বাঁচবে।