আন্দোলনের এক বছর পর মামলা, মৃত ব্যক্তিসহ ২৫৭ জন আসামি

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যাওয়ার পথে হামলার ঘটনায় এক বছর পর এক মৃত ব্যক্তি ও ১০ শিক্ষকসহ ২৫৭ জনের নামে তাড়াশ থানায় একটি মামলা দায়ের হয়েছে। গত ১৯ জুলাই তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শাহীন বাবু বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই শনিবার তাড়াশ থানায় দায়েরকৃত মামলায় দেখা যায়, ১০৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১২০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার বর্ণনায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণের যাওয়ার পথে বাদী শাহিন বাবু মামলায় উল্লেখিত আসামীগণের দ্বারা হামলার শিকার হন।

এ মামলার ৫৫ নম্বর আসামি রোকন ফারুকী (৩৫) তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হিমনগর গ্রামের মৃত আজিজ ফারুকীর ছেলে ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। তার পরিবারের লোকজন জানায়, চলতি বছরের ২৪ মার্চ মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ কোর্টে যাওয়ার পথে হরিণচরা বাজার এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই রোকন ফারুকী মারা যায়। এ খবর একাধিক গণমাধ্যম ও পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে।

এছাড়া ১০ শিক্ষকরা হলেন, এম মনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, তাড়াশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি, কাউরাইল ইসহাক তফের আলী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, তাড়াশ ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আবু হাসেম খোকন, মঙ্গল বাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামাল নান্নু, কাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুবুর রহমান, ধুলিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল হক, মাটিয়ামালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিছ ও করতকান্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ।

এ বিষয়ে এম মনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, মামলার বাদী নওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন বাবু গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে আমাদের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে চাঁদা দাবী করে আসছেন। চাঁদা না দেওয়ায় তিনি আমাদের বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। চাঁদা না পেয়ে আমাদের নামে হয়রানিমূলক ভাবে এ মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মামলার বাদী নওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শাহীন বাবু বলেন, মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। মামলায় উল্লেখিত ১০ শিক্ষকরাও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। এরমধ্যে তাড়াশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি তাড়াশ উপজেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি ও তাড়াশ পরিষদের ২ বারের চেয়ারম্যান ছিলেন।

তিনি আরও বলেন, এ মামলায় কোনো মৃত ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। এছাড়া আমি কারো কাছে কোনো চাঁদা দাবি করিনি। এটা আমার বিরুদ্ধে তারা মিথ্যা গুজব ছড়াচ্ছেন। আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করবো।

তিনি বলেন, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যাওয়ার সময় তাদের নেতৃত্বে আমার ওপর হামলা করা হয়েছে। আমি জুলাই আন্দোলনের আহত সৈনিক। আমার সনদ আছে। ২০২৪ সালের ৪ আগস্ট হামলায় আমি আহত হয়ে দীর্ঘদিন অসুস্থ্য ছিলমি। এখনও পুরোপুরি সুস্থ্য হইনি। একটু সুস্থ্য হয়ে ন্যায় বিচারের আশায় মামলাটি দায়ের করেছি।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, যদি কোন সাধারণ জনগণ বা কোন নির্দোষ শিক্ষককে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় নাম দিয়ে থাকে, এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, এ মামলায় মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়টি জানার পর তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে। ফলে আমাদের পুলিশের পক্ষ থেকে বিষয়টি আদালতকে অবহিত করেছি। তবে এ বিষয়ে বাদী আমাদের এখনও কিছুই জানায়নি।