এইচএসসির ফল নিয়ে মনোমালিন্য, প্রাণ গেল শিক্ষিকার

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনের বধ্যভূমি গণকবরসংলগ্ন রহমতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক একাডেমির বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের ছোট ছেলেকে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে সৈয়দপুর সরকারি কলেজে ভর্তি করা হয়। গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যাশিত ফল না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

ঘটনার দিন বুধবার সকালে রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক একাডেমিতে গিয়ে নিয়মিত ক্লাসও নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পার্বতীপুর শহরের গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে তাঁকে বসে থাকতে দেখা যায়। তাঁর অস্বাভাবিক গতিবিধি লক্ষ করে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি শহরের রহমতনগর রেল কলোনির পানির ট্যাংকের নিচে অবস্থান নেন।

পরে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশনে প্রবেশের মুখে বধ্যভূমি সংলগ্ন রহমতনগর এলাকায় পৌঁছালে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী জানান, নিহত শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রুনা লায়লার আকস্মিক মৃত্যুতে তার সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত