নিষেধাজ্ঞায় বিপর্যস্ত মেসি; মায়ামি মালিকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

অলস্টার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করায় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবং জর্দি আলবা। মেজর সকার লিগের (এমএলএস) নিয়ামনুযায়ী তারা পরবর্তী একটি ম্যাচ খেলতে পারবেন না। এই ঘটনায় মেসি ‘বিপর্যস্ত’ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন মায়ামির অন্যতম মালিক জর্জ মাস। একইসঙ্গে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার একাদশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রাথমিক স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড় ইনজুরিতে না পড়া সত্ত্বেও অলস্টার ম্যাচে না খেললে পরবর্তী একটি লিগ ম্যাচে তাকে নিষিদ্ধ করা হয়। এই নিয়মেই মেসি ও আলবা সাজা পেয়েছেন। ফলে ঘরের মাঠে সিনাসিনাতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা খেলতে পারবেন না।

নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে ইন্টার মায়ামির মালিক জর্জ মাস বলেন, ‘তারা এই সিদ্ধান্ত বুঝতে পারছে না। এটা খুব কঠোর সিদ্ধান্ত। মেসি বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্লাবের সবারই একই অনুভূতি। আমি মনে করি আমাদের একসঙ্গে থাকতে হবে এবং বিশ্বের বিপরীতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। স্বাভাবিকভাবেই নিষেধাজ্ঞার বিষয়টি কেউই ইতিবাচকভাবে নেয়নি।’

ফিফা ক্লাব বিশ্বকাপের পর টানা ৭ ম্যাচে খেলার কারণে মেসি ও আলবাকে অলস্টার ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মায়ামি। এটাই কাল হয়ে দাঁড়ায়। জর্জ মাস আরও বলেন, ‘মেসি ও আলবা ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে এটা ঠিক যে একটি প্রদর্শনী ম্যাচ না খেলায় মূল লিগের ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়াটা কেউই মানতে পারছে না। এটা ঠিক নয়। খেলোয়াড়দের জন্য এটা ন্যায্য নয়।’