খালেদ মাহমুদের জন্মদিনে জানুন দেশের ক্রিকেটে তার অবদান

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৯:৪৫ এএম

১৯৯৯ সাল। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। তাই দলের কাছে চাওয়া-পাওয়ার তেমন কিছুই ছিল না। কিন্তু ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, ইনজামামউল হক, সাঈদ আনোয়ারের মতো ভয়ংকর সব ক্রিকেটারদের নিয়ে গড়া পাকিস্তানকে হারিয়ে গোটা বিশ্বকেই চমকে দিয়ে ছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ। আর সেই ম্যাচের সেরা ক্রিকেটার ছিলেন খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশের ক্রিকেটের আলোচিত-সমালোচিত এই মানুষটি আজ ৫৪ বছরে পা রাখলেন। উত্তাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ২৯ জুলাই ঢাকায় তার জন্ম হয়েছিল। ক্রিকেট মাঠে তাকে অল-রাউন্ডার ভূমিকায় দেখা যেত। স্বল্প গতির মিডিয়াম পেসের সঙ্গে ব্যাটিংটাও ভালো পারতেন। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ওই ম্যাচে ৩৪ বলে ২৭ রান এবং ৩১ রানে ৩ উইকেট শিকার করেছিলেন। ওই ম্যাচটা বাংলাদেশের ক্রিকেটের খোলনচে বদলে দিয়েছিল। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন সুজন।

১৯৯৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হয় টেস্ট অভিষেক। ওই সময় বাংলাদেশ খুবই কম ম্যাচ খেলার সুযোগ পেত। তাই ওই সময়কার ক্রিকেটারদের ক্যারিয়ার সমৃদ্ধ নয়। ১২ টেস্টে সুজনের রান ২৬৬ আর উইকেট ১৩টি। অন্যদিকে ৮ বছরের ওয়ানডে ক্যারিযারে ৭৭ ম্যাচ খেলে ৯৯১ রান করার পাশাপাশি শিকার করেছেন ৬৭ উইকেট। এছাড়া প্রথম শ্রেণিতে ১৭৬৭ রান আর লিস্ট এ ক্রিকেটে ১৮৯১ রান করেছেন সুজন।

খেলোয়াড়ী জীবন শেষেও তিনি ক্রিকেটেই জড়িয়ে আছেন। বিভিন্ন সময়ে ক্রিকেট বোর্ড এবং জাতীয় দলে বহু ভূমিকায় তাকে দেখা গেছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমানে তিনি আর বিসিবিতে সক্রিয় নন। নিজের একটি ক্রিকেট একাডেমি পরিচালনা করে যাচ্ছেন। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের হয়ে নতুন ক্রিকেটার তৈরিতে তার কর্মকাণ্ড যেমন প্রশংসা আদায় করেছে, তেমনই বিতর্কেও জড়িয়েছেন বারবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত