শ্রীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট

গাজীপুরের শ্রীপুরে বিএনপির নেতার এক বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে সবার হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা-স্বণালঙ্কারসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গতকাল শুক্রবার মধ্যরাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের আফাজ উদ্দীন মন্ডলের বাড়িতে এ ডাকারি ঘটনা ঘটে। আফাজ উদ্দীন মন্ডল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয়দের অভিযোগ, দুই-একদিন পর পর কোনো না কোনো এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। হয়তো কোনো বাড়িতে, নয়তো কোনো সড়কে ডাকাতি চলছেই। ডাকাতের অত্যাচারে মানুষ অতিষ্ট। তবে এতগুলো ডাকাতির ঘটনা ঘটলেও ডাকাত আটক বা মালামাল উদ্ধারে পুলিশের কোনো ভূমিকা নাই বলে অভিযোগ করেছে লোকজন।

খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী। তারা এ ঘটনায় নিন্দা জানান। আইনশৃঙ্খলা বাহিনীকে এ ঘটনায় আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

আফাজ উদ্দীন মণ্ডলের ছেলে ইলিয়াস কাঞ্চন বলেন, মধ্যরাতে একদল ডাকাত ফটকের তালা কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর বারান্দার তালা ভেঙে ভেতরে আসে তারা। বাড়ির দুটি কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল না। ডাকাত দল সেই ঘরগুলোতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তাদের চোখ-মুখ ও হাত-পা বেঁধে ফেলে। পরে অন্যসব রুমে ঢুকে লুটপাট চালায়।

বিএনপি নেতা আফাজ উদ্দীন মণ্ডল বলেন, ডাকাত দল তার বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে তার নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ধমকাধমকি শুরু করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই আরও কিছু ডাকাত সদস্য ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তাদের হাতে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল।

শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী বলেন, খবর পেয়ে সকালে সকালেই বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ক্ষতিগ্রস্ত বিএনপি নেতার বাড়িতে ছুটে আসেন। এ পৌর বিএনপির উপজেলা বিএনপিও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিকের জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত সদস্য গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। আশা করি দ্রুত সময়য়ে একটি ভালো খবর দিতে পারব।