যে 'সেঞ্চুরি' করেও খুশি নন জাসপ্রিত বুমরা

টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার জাসপ্রিত বুমরার নামের পাশে এবার যুক্ত হলো একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড। ক্যারিয়ারের ৪৮তম টেস্টে এসে প্রথমবারের মতো এক ইনিংসে ১০০ রানের বেশি হজম করলেন তিনি।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে বুমরা ২ উইকেটের পেছনে করেছেন ১১২ রান। এর আগে তার ইনিংসে সর্বোচ্চ রান খরচ ছিল ২০২৪ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে তিনি ৯৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।

এই ইনিংসে শুধু বুমরাই নন, আরও তিন ভারতীয় বোলার শতরানের বেশি খরচ করেছেন। টেস্ট ইতিহাসে এটি ২৫তম ঘটনা, যেখানে চার ভারতীয় বোলার এক ইনিংসে ১০০ বা তার বেশি রান দিয়েছেন। তবে ২০১৫ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর এই প্রথমবার এমন ঘটনা ঘটল।

মোহাম্মদ সিরাজ ৩০ ওভারে ১৪০ রান দিয়েছেন। ওয়াশিংটন সুন্দর ২৮ ওভারে ১০৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সবচে বেশি ১৪৩ রান দিয়েছেন রবীন্দ্র জাদেজা তার ৪ উইকেটের জন্য। ৩৭.১ ওভার বল করেছেন এই বাহাতি স্পিনার। 

ইংল্যান্ড ১৫৭.১ ওভারে করেছে ৬৬৯ রান, যা ওল্ড ট্রাফোর্ডে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।