আগস্টে নেপাল কিংবা নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ খেলতে পারে বাংলাদেশ

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম

এশিয়া কাপ মাঠে গড়াতে এখনো মাস দেড়েক বাকি। এই সময়টায় বাংলাদেশ জাতীয় দলের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। টানা ক্রিকেট খেলার ধকল সামলে উঠতে ক্রিকেটাররা আপাতত বিশ্রামে থাকলেও, লম্বা এই বিরতি ছন্দ ধরে রাখার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলেই ভাবছে দল পরিচালনা বিভাগ।

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরই অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, এশিয়া কাপের আগে একটি প্রস্তুতি সিরিজ দলকে আরও চাঙ্গা করে তুলবে। সেই ভাবনা থেকেই নতুন সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন জানিয়েছিলেন, একটি সিরিজ নিয়ে আলোচনা চলছে। আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বড় কোনো দল এ মুহূর্তে পাওয়া যাবে না। কারণ তারা নিজেদের সূচি নিয়ে ব্যস্ত। তবে আমাদের মনে হচ্ছে নেদারল্যান্ডস বা নেপালের সঙ্গে সিরিজ হতে পারে, কিংবা এমন আরেকটি দলের সঙ্গে।’

আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ছয় ম্যাচের (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি) সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ভারতের সরকারের অনুমতি না পাওয়ায় সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। ফলে আগস্ট মাস এখন কার্যত খালি।

এই সময়ে দেশে সিরিজ আয়োজনের সম্ভাবনা সম্পর্কে নাজমুল বলেন, ‘সেটাই আমরা চেষ্টা করব। যদি সম্ভব হয়, নিজেদের মাঠেই সিরিজ খেলব।’

তবে শেষ পর্যন্ত যদি বিদেশি কোনো দল না পাওয়া যায়, তাহলে জাতীয় দল খেলতে পারে ‘এ’ দল কিংবা হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে। পাশাপাশি এশিয়া কাপের আগে তিন সপ্তাহের একটি প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনাও রয়েছে বোর্ডের।

এদিকে, এশিয়া কাপ ২০২৫-এর সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি সম্প্রতি জানিয়েছেন, ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে এই মহাদেশীয় টুর্নামেন্ট। আট দলের এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত