তারেক রহমান বাংলাদেশের শান্তি ও ঐক্যের প্রতীক: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারেক রহমান বাংলাদেশের শান্তি ও জাতীয় ঐক্যের প্রতীক। কঠিন সময়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ রেখে তিনিই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। নিখাদ দেশপ্রেমিক ও দূরদর্শী চিন্তা চেতনা নিয়ে এবার নবউদ্দমে দেশ গড়ার পালা।

আজ শনিবার বিকেলে হাটহাজারীস্থ দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন ৮ নম্বর মেখল, ৯ নম্বর গোরদুয়ারা, ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নসহ ৩ ইউনিয়ন বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

ব্যারিস্টার হেলাল বলেন, বর্তমানে একটি অপশক্তি তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী কায়দায় নানা প্রকার অপপ্রচার চালাচ্ছে। মিডিয়াতে তারা নিজেদের তারেক রহমান ও বিএনপির সমকক্ষ হিসেবে উপস্থাপন করতে চায়। এই অপশক্তিকে বাংলাদেশের মানুষ অতীতে যেভাবে ইতিহাসে কলঙ্কজনক স্থানে নিক্ষিপ্ত করেছে ভবিষ্যতেও তাদের স্থান ইতিহাসের আস্তাকুড়েই হবে। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি তাদের নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন ৮ নম্বর মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইসমাইল। মেখল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, গোরদুয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান উত্তর জেলা সদস্য ডাক্তার রফিকুল আলম, হাটহাজারী উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিএনপিনেতা আইয়ুব খান পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার প্রমুখ।

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল তিন ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে নুতন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, স্থানীয় সর্বস্তরের জনগণের মাঝে সদস্য ফরম বিতরণ ও পূরণের মধ্য দিয়ে তিন ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে।