যে কোনো বিশৃঙ্খলা-অরাজকতা মোকাবেলায় প্রস্তুত বিএনপি: মীর হেলাল

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

যে কোনো বিশৃঙ্খলা ও অরাজকতা মোকাবেলায় বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, দেশবিরোধী, দেশের উন্নয়নবিরোধী কোন অপশক্তি যদি দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রশাসন তো প্রশাসনের কাজ করবেই, রাজনৈতিক দল হিসেবে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল তাদের রাজপথে মোকাবেলা করার প্রস্তুত রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে ৭১ এর ও ২৪ এর পরাজিত শক্তি যদি মনে করে আমরা তাদের মতো রাতের আঁধারে নির্বাচিত সংসদ সদস্য তারা যদি আমাদের রাজপথের ভয় দেখায় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে ডা. শাহাদাত চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে কাজ করছেন উল্লেখ করে মীর হেলাল বলেন, ছাত্রদল, নগর বিএনপি ও কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় তারেক রহমানের মানবিক চিন্তাভাবনা ও দেশের মানুষের জন্য তার পরিকল্পনা বুঝতে পেরেছেন শাহাদাত। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি কাজ করছেন।

শাহাদাত হোসেনের জনসম্পৃক্ততা ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের বাইরের বিভিন্ন জেলা থেকেও মানুষ সহযোগিতার জন্য তার কাছে আসেন। শাহাদাত নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতা করেন।

নিজের সংসদীয় আসনের সিটি করপোরেশনভুক্ত দুইটি ওয়ার্ডে ১০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েক দিন আগে মেয়রের সঙ্গে বসে দক্ষিণ পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডের উন্নয়নকাজের তথ্য নিয়েছেন। অথচ এসব উন্নয়ন কাজের প্রচার না থাকায় তিনি আক্ষেপ প্রকাশ করেন।

নগরের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে মীর হেলাল বলেন, শাহাদাত হোসেন একা চাইলেই চট্টগ্রামের সব সমস্যার সমাধান করতে পারবেন না। সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এ কাজে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদেরও যুক্ত হতে হবে।

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমপি আবু সুফিয়ান , নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এস এম নসরুল কদির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনোয়ারা বেগম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, সিভিল সার্জন মো. সাজেদুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, চসিকের সচিব আশরাফুল আমিন প্রমুখ। 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত