বগুড়ায় মধ্যরাতে ২টি ট্রান্সফরমার নিয়ে গেল দুর্বৃত্তরা

বগুড়ার শেরপুরে একরাতে দুটি ট্রান্সফরমার নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দুবলাগাড়ী সড়কের চকপোতা এলাকায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে এলাকায় বিদ্যুৎ চলে যায়। ভোরে একতা প্রসেসিং অটোরাইস ও ফাতেমা অটো রাইস মিলের বিদ্যুতের খুঁটির নিচে মাংস ক্রেতারা এসে দেখেন- বৈদ্যুতিক খুঁটির সাথে ট্রান্সফরমার নেই। পরে আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ২টা ২০ মিনিটে দুর্বৃত্তরা ট্রাক লাগিয়ে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছে।

নির্বাহী প্রকৌশলী আব্দুল জলিল বলেন, আপাতত ভ্রাম্যমাণ ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক রাখা হয়েছে, পরে সেখানে নতুন ট্রান্সফরমার বসানো হবে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত চুরি যাওয়া মাল উদ্ধারের পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত বছরের ২৮ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে একই কায়দায় ওই এলাকা থেকে ২টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল।