হকি এশিয়া কাপের দরজা খুলতে পারে বাংলাদেশের

এশিয়া কাপের ৪৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দর্শক বনে গিয়েছিল বাংলাদেশ। গত এপ্রিলে এএইচএফ কাপের ফাইনালের আগেই বিদায় নেওয়ায় এশিয়া কাপের দরজা বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে সেই দরজা খুলে যেতে পারে বাংলাদেশের সামনে। ভারতের বিহারে ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর আট দল নিয়ে বসার কথা এশিয়া কাপের ১২তম আসর। আয়োজক ভারত বলেই তাদের রাজনৈতিক বৈরী দেশ পাকিস্তানের সেই আসরে খেলা বড়সড় প্রশ্নের সামনে। শেষ পর্যন্ত পাকিস্তান এই আসরে অংশ না নিলে এএইচএফ কাপের তৃতীয় হওয়ার সুবাদে বাংলাদেশ সুযোগ পেতে পারে এশিয়া কাপে। বিষয়টি শনিবার জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।

ওমানে গত এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল এএইচএফ কাপ। এশিয়া কাপের বাছাইপর্ব হিসেবে বিবেচিত এই আসরের শুরু থেকেই একাধিপত্য ছিল বাংলাদেশের। ১৯৯৭ সালে এশিয়ার দ্বিতীয় স্তরের দলগুলোকে নিয়ে শুরু হয়েছিল এই আসর। প্রথম দুই আসরে হংকং শিরোপা জিতেছিল। এরপর থেকে টানা চারবার শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। তবে চলতি বছর ওমানের কাছে সেমিফাইনালে ৫-৪ গোলে হেরে এশিয়া কাপের দরজাও বন্ধ হয়ে যায় বাংলাদেশের।

ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান স্পষ্ট করেই জানিয়েছেন, ‘এশিয়ান হকি ফেডারেশন থেকে আমাদের অ্যাপ্রোচ করেছে, এশিয়া কাপে যদি খেলতে বলা হয়, আমরা খেলব কি না? এটা অফিশিয়ালিই আমাদের বলা হয়েছে। আমরা বলেছি আমরা ইচ্ছুক। তারা আমাদের তৈরি থাকতে বলেছে। আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পাইনি।’ সুযোগ পেলে না খেলার কোনো কারণ দেখছেন না এই কর্মকর্তা, ‘এই এশিয়া কাপে সুযোগ হারিয়ে সবার মন কত খারাপ। এখন সুযোগ পেয়েও যদি না খেলি...।’ এদিকে শনিবার থেকে ৪৫জন তরুণ খেলোয়াড়কে নিয়ে শুরু হয়েছে জুনিয়র (অনূর্ধ্ব-২১) বিশ্বকাপের প্রস্তুতি।