বগুড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল চন্দ্র দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক আরাফাত হোসেন (২২) এবং একই উপজেলার বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান।
এ বিষয়ে কুন্দারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল চন্দ্র জানান, ঘটনার পর কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।