পাওনা টাকার জন্য ভারতীয় অল-রাউন্ডারের বিরুদ্ধে মামলা

ভারতের চলতি ইংল্যান্ড সফরের তৃতীয় টেস্টের পরই ইনজুরিতে ছিটকে গেছেন নিতীশ কুমার রেড্ডি। এরপরই তার জন্য এলো আরেকটি দুঃসংবাদ। নিতীশের বিরুদ্ধে পাঁচ কোটি রুপি চেয়ে মামলা করেছে তারই সাবেক এজেন্ট সংস্থা। ২২ বছর বয়সী ভারতের তরুণ অল-রাউন্ডারের কাছে পাঁচ কোটি রুপি পাওনা থাকলেও তিনি নাকি সেটা দিতে রাজি হচ্ছেন না।

জানা গেছে, গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলাকালীন সময়ে বেঙ্গালুরুভিত্তিক ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতিশ। এরপর তিনি ভারতেরই এক ক্রিকেটারের ম্যানেজারের সঙ্গে চুক্তি সই করেন। সেই ম্যানেজার ওই সফরে ভারতীয় দলের সঙ্গে ছিলেন। এ কারণে নীতিশের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড।

চুক্তি ভঙ্গের অভিযোগের পাশাপাশি সংস্থাটি নীতিশের কাছে পাঁচ কোটি রুপিও দাবি করেছে। ২০২১ সালে স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে নীতিশের চুক্তি হয়। তারপরই আইপিএলে ভাল খেলে গোটা বিশ্বের নজরে চলে আসেন তিনি। সংস্থাটির মাধ্যমে একাধিক বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পান। বিভিন্ন সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তিও হয়। এসব কারণে নীতিশের কাছে মোটা অংকের টাকাও পায় সংস্থাটি। কিন্তু নীতিশ সেই টাকা দেননি।

আগামী ২৮ জুলাই সেই মামলার শুনানি হবে বলে জানা গেছে। এদিকে মাঠের খেলাতেও নীতিশের সময়টা ভাল যাচ্ছে না। টেস্টে সুযোগ পাওয়ার পর অস্ট্রেলিয়া সফরে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু চোট নিয়ে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভালো খেলতে পারেননি। তবু ইংল্যান্ড সফরের দলে সুযোগ পেয়েছিলেন। দুটি টেস্ট খেললেও বলার মতো কিছু করতে পারেননি। পরে হাঁটুর চোটে ছিটকে যান।