জুলাই শহীদদের আবাসিক প্রকল্প অনুমোদন পায়নি একনেকে

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে আবাসন প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দ নিয়ে সংশয় থাকায় ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ রবিবার (২৭ জুলাই) একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ একনেক সদস্যরা।

সভায় অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন, ৪টি সংশোধিত এবং ২টি কেবল মেয়াদ বাড়ানোর প্রকল্প। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ২৮ লাখ টাকা ধরা হয়েছে।

একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ব্যয় পরিমাপ করতে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয় করতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প তত্ত্বাবধান করা হবে। আমরা মনে করি প্রকল্পটির যথার্থ মূল্যায়ন হওয়া উচিত। জুলাই যোদ্ধাদের সব প্রকল্প এক জায়গায় এনে সমন্বয় করা উচিত।

এ প্রকল্পের আওতায় জুলাই শহীদ পরিবারগুলোর জন্য ৮০৪ ফ্ল্যাট নির্মাণ করার কথা রয়েছে। এ সময় গাজীপুর-এয়ারপোর্ট র‍্যাপিড বাস ট্রানজিট একটি অপরিকল্পিত ও দানবীয় আকারের মেগা প্রজেক্ট বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা।