চমেক হাসপাতালের সার্জারি বিভাগ

১ আগস্ট থেকে চালু হচ্ছে ‘ডে কেয়ার সার্জারি’

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:১৯ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চালু হচ্ছে  ‘ডে কেয়ার সার্জারি’ কার্যক্রম। এই উপলক্ষে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ আগস্ট  থেকে ‘সকালে অপারেশন, বিকেলে ছুটি’ শীর্ষক প্রতিপাদ্যে ‘ডে কেয়ার সার্জারি’ কার্যক্রম   আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।  চমেক হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, শিশু সার্জারি বিভাগের  ডে কেয়ারে করা হবে শিশুদের খৎনা, হার্নিয়া-একশিরা, হাইড্রোসিল, জন্মগতভাবে অন্ডকোষ সমস্যা, পায়ুপথের পলিপ, মলদ্বার বের হওয়া, জন্মগতভাবে নাভীর সমস্যা, শরীরের  যেকোনো টিউমার, জিহ্বার জন্মগত সমস্যা, রক্তনালীর টিউমার, গলা ও কানের সামনে থেকে রক্ত বা পুঁজ বের হওয়াসহ জন্মগত বিভিন্ন ত্রুটির অপারেশন করা হবে।

প্রতি মাসের প্রথম সপ্তাহের রবিবার, দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার ও তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবার শিশু সার্জারি বিভাগের বহির্বিভাগের  যোগাযোগের মাধ্যমে এই অপারেশন করা হবে। চমেক হাসপাতালের এনেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন উর রশিদ বলেন, ‘হাসপাতালের প্রতিটি ওয়ার্ডেই রোগীর চাপ। বিশেষ করে শিশু সার্জারি ও সাধারণ সার্জারির চাহিদা বেশি। কিন্তু হাসপাতালের এই চাপ নেওয়ার মত সামগ্রিক সক্ষমতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই শিশুদের ‘সকালে অপারেশন, বিকালে ছুটি’ শীর্ষক প্রতিপাদ্যে নতুন করে কাজ শুরু করা হচ্ছে। এর মাধ্যমে শিশু সার্জারি হওয়া  রোগীদের ভোগান্তি কমবে। তারা দ্রুত চিকিৎসা পাবে।’  

হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. গোলাম হাবিব সাংবাদিকদের বলেন,  ‘অতিরিক্ত রোগীর চাপের কারণে অনেক শিশু রোগীকে যথা সময়ে অপারেশন করা সম্ভব হয় না। এখন এনেসথেশিয়া বিভাগের সহযোগিতায় দুটি  টেবিল স্থাপন করে নতুন সেবাটি চালু করা হচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি  শেষ। তবে এনেসথেশিয়ালিস্ট সংকট আছে। আশা করি, শিগগির এই  সেবাটি চালু করা যাবে।’

জানা গেছে, চমেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগে বর্তমানে অনুমোদিত শয্যা আছে ৪০টি। তবে ওয়ার্ডের উদ্যোগে শয্যা বৃদ্ধি করে ৭৬টি করা হয়। কিন্তু শয্যার চেয়ে  বেশি রোগী ভর্তি থাকে নিয়মিত। এ বিভাগে শিশুদের বিভিন্ন সার্জিক্যাল  রোগ এবং অবস্থার চিকিৎসা দেয়া হয়। বিশেষ করে জন্মগত ত্রুটি, আঘাত এবং অন্যান্য  রোগের কারণে শিশুদের অস্ত্রোপচারের প্রয়োজন হলে তাদের চিকিৎসা দেওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত