বগুড়া শহরের বিভিন্ন এলাকা ও মার্কেটে অভিযান চালিয়ে ৮১০টি বার্মিজ চাকু উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এ তথ্য জানান। এর আগে শনিবার (২৬ জুলাই) রাতে পুলিশ এই অভিযান চালায়। উদ্ধার করা চাকুগুলো মার্কটের বিভিন্ন দোকানে বিক্রির জন্য মজুত করা ছিল।
বগুড়া শহরের চুরিপট্টি, নিউ মার্কেট, কাজী নজরুল ইসলাম সড়কসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানিদের বার্মিজ চাকু বিক্রি না করতে বলা হয়েছে।
বার্মিজ চাকু উদ্ধার অভিযানের বিষয়ে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার বলেন, ‘উঠতি বয়সী তরুণরা বার্মিজ চাকু বেশি ব্যবহার করছে। শহরের বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে যে খুন হয়েছে এবং ছুরিকাঘাত করা হয়েছে তা বার্মিজ চাকু দিয়েই হয়েছে। এ জন্য বার্মিজ চাকু বিক্রি বন্ধ করতে দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে।’
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষার্থে অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’