বান্দরবানের রোয়াংছড়িতে উসাইশৈ মারমা (১৮) নামে এক যুবককে পাথর মেরে হত্যা ও পরে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের শীলাবান্ধা পাড়ায় এ ঘটনা ঘটে।
পরে রবিবার (২৭ জুলাই) দুপুরে তারাছা খালের বেক্ষ্যং পাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত উসাইশৈ মারমা রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খক্ষ্যং পাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে।
আটকরা হলেন- আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্ধা পাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) এবং একই পাড়া বাসিন্দা লোওয়াইসামং মারমার ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তিন বন্ধু মিলে শীলাবান্ধা পাড়ায় মদপান করেন। সেখানে গভীর রাত পর্যন্ত তারা মদপানে মেতে ছিল। হঠাৎ নেশাগ্রস্ত অবস্থায় তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। দুইজন মিলে উসাইশৈ মারমাকে মারধর করে হত্যা করে। হত্যার পর তারাছাখালে লাশ ফেলে দেয়। ঘটনা শোনার পর পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করতে থাকে। পরে তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, গত শুক্রবার মদপানকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বন্ধুকে বন্ধু খুন করে। দুদিন পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুর করিম বলেন, কথা কাটাকাটির জেরে হত্যার ঘটনায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।