চিকিৎসকের অনুপস্থিতি, রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

‘৫শ টাকায় ভাড়ায় ডিএমএফ, চিকিৎসক শ্বশুরবাড়িতে—জরুরি বিভাগেই রোগীর মৃত্যু’ শীর্ষক প্রতিবেদন গত ২৬ জুলাই গণমাধ্যমে প্রকাশ হওয়ার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. কালিপদ সরকার তার দায়িত্বকালীন সময়ে কর্মস্থলে না থেকে ব্যক্তিগতভাবে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তার অনুপস্থিতিতে একজন ডিপ্লোমা মেডিকেল ফার্মাসিস্ট (ডিএমএফ) জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন এবং সেই সময়েই এক রোগীর মৃত্যু ঘটে।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায়, বিষয়টি তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ হলেন:

১. পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ, রংপুর– সভাপতি

২. সিভিল সার্জন, লালমনিরহাট– সদস্য

৩. ডেপুটি সিভিল সার্জন, রংপুর– সদস্য সচিব

উক্ত তদন্ত কমিটিকে আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায়, ডা. কালিপদ সরকার-কে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝালকাঠি, বরিশাল এ বদলি করা হয়েছে।