হেপাটাইটিস প্রতিরোধে এখনই সময়

অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দীন মল্লিক

প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, খুলনা মেডিকেল কলেজ।

২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস বিশ্ব জুড়ে একটি বড় সমস্যা। প্রতি বছর অসংখ্য মানুষ এ রোগে মারা যায়। সবাই সচেতন হলে একে রুখে দেওয়া সম্ভব। হেপাটাইটিসের কারণ হিসেবে হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাস আমাদের কাছে পরিচিত। এর বাইরে আরও কিছু ভাইরাস আছে, যেগুলো হেপাটাইটিস বা যকৃতে প্রদাহ ঘটাতে পারে।

হেপাটাইটিস এ : এই ভাইরাসের মাধ্যমে সাধারণত শিশু-কিশোররা আক্রান্ত হয়। এটি পানি ও খাবারবাহিত। বেশিরভাগ সময় এর উপসর্গ মৃদু হয়। যেমন অরুচি, বমি, চোখ বা প্রস্রাব হলুদ হওয়া ইত্যাদি। অধিকাংশ ক্ষেত্রে এ ভাইরাসজনিত হেপাটাইটিস এক-দুই মাসের মধ্যে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। হেপাটাইটিস এ প্রতিরোধের জন্য টিকা আছে।

হেপাটাইটিস বি : এটি সাধারণত রক্তের মাধ্যমে ছড়ায়। এ ছাড়া একই সিরিঞ্জ অনেকে ব্যবহার করলে বা অনিরাপদ যৌনমিলনের ফলে ছড়াতে পারে। এর স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি দুরকম সংক্রমণ হতে পারে। দীর্ঘমেয়াদি সংক্রমণ থেকে লিভার সিরোসিস ও লিভার ক্যানসার হতে পারে। হেপাটাইটিস বি-এর কার্যকর টিকা আছে।

হেপাটাইটিস সি : এটিও রক্তবাহিত। অনিরাপদ রক্ত পরিসঞ্চালন মূলত এ রোগের কারণ। এর ফলে সাধারণত দীর্ঘমেয়াদি ইনফেকশন বা সংক্রমণ হয়। তবে মাঝেমধ্যে স্বল্পমেয়াদি ইনফেকশনও দেখা যায়। এ রোগের কার্যকর চিকিৎসা আছে। এ ভাইরাসের দীর্ঘমেয়াদি ইনফেকশনের ফলে লিভার সিরোসিস ও লিভার ক্যানসার হতে পারে। এ ভাইরাস প্রতিরোধে কোনো কার্যকর টিকা নেই।

হেপাটাইটিস ডি : এটি সাধারণত হেপাটাইটিস বি ভাইরাসের সঙ্গে হয়ে থাকে। এর ফলে দীর্ঘমেয়াদি ইনফেকশন হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। যেমন লিভার সিরোসিস ও লিভার ক্যানসার। এ ভাইরাসের কোনো টিকা এখনো নেই।

হেপাটাইটিস ই : এ ভাইরাস পানি ও খাদ্যবাহিত। সাধারণত স্বল্পমেয়াদি ইনফেকশন হয়। উচ্চমাত্রার জন্ডিস হয়। হাসপাতালে ভর্তি হয়ে রোগীর চিকিৎসা নেওয়ার দরকার হতে পারে। গর্ভকালীন আক্রান্ত হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হেপাটাইটিস প্রতিরোধে যা করণীয়

হেপাটাইটিস বি-ভাইরাসের টিকা গ্রহণ করতে হবে এবং জন্মের ২৪ ঘণ্টার মধ্যে শিশুকে টিকা দিতে হবে। মাদকমুক্ত থাকা। অবশ্যই নিরাপদ রক্ত নেওয়া। অনিরাপদ যৌনমিলন এড়াতে হবে। অন্যের ব্যবহৃত ব্লেড, রেজার, সিরিঞ্জ ব্যবহার করা যাবে না। জন্ডিস হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।