বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি। যে বাংলাদেশে সংখ্যালঘু, সংখ্যাগুরু এ ধরণের বিভেদের উর্ধ্বে গিয়ে সবাই সমান বিবেচিত হবে। কোন বৈষম্য থাকবে না।  এই বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আসবে না। কখনো মন্দির পাহারা দিতে হবে না। রবিবার (২৭ জুলাই) রাতে জামালপুরের দয়াময়ী মন্দির পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূর্চী হাতে নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর স্মরণে আমরা বাংলাদেশের ৬৪ টি জেলায় যাচ্ছি। প্রতিটি জেলায় গিয়ে সেখানকার নানা সম্প্রদায়ের মানুষ, ধর্মীয় জাতি গোষ্ঠী যারা রয়েছে তাদের কথা শুনছি। আমরা নতুন রাজনৈতিক দল হিসাবে আমাদের যে প্রতিশ্রুতি বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্ন নিয়ে ন্যায় বিচারের বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। সেই ধারাবাহিকতায় আমরা আজকে জামালপুরে এসেছি। জামালপুরে এসে আমরা মন্দির পরিদর্শনে এসেছি।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘এই মন্দির এখন শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়। এটা বাংলার ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে গিয়েছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যে কমিটমেন্ট এবং সনাতন ধর্মালম্বী ভাই বোনদের জন্য এবং বাংলাদেশের সকল নাগরিকদের জন্য আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রতেকটা মানুষ তার নাগরিক অধিকার, মর্যাদা পাবে। সবাই সমান হিসেবে বিবেচিত হবে। কোন ধরণের বৈষম্য থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি।’

দয়াময়ী মন্দির কমিটির সভাপতি সিদ্ধার্থ শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান প্রমুখ। এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।