জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাব সদস্য মো. আবদুল মুকিত (৬৭) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাংবাদিক মো. আবদুল মুকিত দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে সাংবাদিক আবদুল মুকিতের মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে এক শোকবার্তায় আবদুল মুকিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। শোকবার্তায় নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।