রাজধানীর গেন্ডারিয়ায় পূর্বশত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল পৌনে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফুল শরীয়তপুরের জাজিরা উপজেলার বালুরচর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। বর্তমানে পরিবার নিয়ে গেন্ডারিয়ার মীরহাজীরবাগের মোল্লাপাড়ায় ভাড়া থাকতেন তিনি।
নিহতের স্ত্রী আয়েশা বেগম বলেন, আমার স্বামী একটি সিএনজিচালিত অটোরিকশার মালিক। এটি ভাড়া দিয়েই আমাদের সংসার চলত। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পূর্বশত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী রবিন, শাহীন, মাসুদ ও কাদেরসহ চার-পাঁচজন আমার স্বামীকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মাথায়, হাতে ও পায়ে গুরুতর জখম করে। খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রবিবার সকালে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি গেন্ডারিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।
এদিকে রাজধানীর কলাবাগানে ছয়তলা ভবন থেকে পড়ে আবিদ আহনাফ চৌধুরী (১৭) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রাত ৪টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত আবিদ আহনাফ কলাবাগানের ৫২/এ, নর্থ রোড এলাকার বাসিন্দা।