বিতর্কের কেন্দ্রে বেন স্টোকস, 'এতটা অপেশাদার আচরণ অপ্রত্যাশিত'

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার রিশাভ পান্ত প্রথম ইনিংসে পায়ের আঙুল ভেঙে ফেলেন। এরপর থেকেই ক্রিকেটে ইনজুরি বদলির প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হয়। তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এই আলোচনাকে একেবারেই ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছেন।

চতুর্থ টেস্ট শেষে সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, “ইনজুরির কারণে বদলি খেলোয়াড় নেওয়ার ব্যাপারে কোনো আলোচনাই হওয়া উচিত না। এটা একেবারেই হাস্যকর। আপনি যখন ম্যাচের জন্য ১১ জন খেলোয়াড় বেছে নেন, তখন ইনজুরি খেলাটারই অংশ। আমি কনকাশনের ক্ষেত্রে বদলিকে সমর্থন করি, কারণ সেটা খেলোয়াড়ের সুরক্ষার জন্য। কিন্তু সাধারণ ইনজুরির জন্য বদলি—এই আলোচনা এখানেই বন্ধ হওয়া উচিত।”

স্টোকস ব্যাখ্যা করে বলেন, “যদি আমাকে এমআরআই স্ক্যানারে ঢোকান, আমিও তখনই কাউকে বদলি হিসেবে চাইতে পারি। একজন বোলারের হাঁটুতে সামান্য ইনফ্ল্যামেশন দেখালেই যদি নতুন বোলার নামানোর সুযোগ মেলে, তাহলে তো নিয়ম ভেঙে ফেলা হবে। এটা বন্ধ করা দরকার।”

তবে ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীর স্টোকসের বিপরীতমত পোষণ করেছেন। তিনি বলেন, “আমি অবশ্যই বদলি খেলোয়াড়ের পক্ষে। যদি আম্পায়ার ও ম্যাচ রেফারি নিশ্চিত হন যে ইনজুরি গুরুতর, তবে বদলি দেওয়ার নিয়ম থাকা উচিত। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে যদি একজন খেলোয়াড় ইনজুরির কারণে বাদ পড়ে এবং দলকে ১০ জন নিয়ে খেলতে হয়, সেটা অনেক অন্যায়।”

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও একই দাবি তুলেছেন, বিশেষ করে প্রথম ইনিংসে এমন ইনজুরি হলে। তিনি মনে করেন, ইনজুরি যদি স্পষ্ট ও গুরুতর হয়, তাহলে বদলি নেওয়ার সুযোগ থাকা উচিত।

ড্র অফার ফিরিয়ে ব্যাটিং, স্টোকসের ক্ষোভ

এর চেয়েও বেশি বিতর্ক তৈরি করেছে ম্যাচের শেষ ঘণ্টায় স্টোকসের আচরণ। শেষ দিন, ১৩৮তম ওভারের পর ইংল্যান্ড অধিনায়ক ড্র অফার দেন। কিন্তু ভারতের রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। দু’জনেই তখন ব্যক্তিগত মাইলফলকের কাছে, জাদেজা ৮৯* এবং সুন্দর ৮০* রানে ব্যাট করছিলেন।

ক্যামেরায় দেখা যায়, ভারত অধিনায়ক শুভমান গিল ড্রেসিংরুমে নির্বিকার ছিলেন, মাঠের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি। পরে জাদেজা ১০০ পূর্ণ করেন ছয় মেরে, আর সুন্দরও পৌঁছে যান তার প্রথম টেস্ট সেঞ্চুরিতে।

এ নিয়ে রেগে যান স্টোকস। তিনি জাদেজাকে উদ্দেশ করে কটাক্ষ করেন, “এই বোলারদের (হ্যারি ব্রুক, ড্যাকেট) বিপক্ষে সেঞ্চুরি করতে চাও নাকি?” বোঝাতে চেয়েছেন, তিনি আর ফ্রন্টলাইন বোলার ব্যবহার করছেন না। পরে হ্যারি ব্রুক জাদেজাকে সেঞ্চুরির পর হাত মেলাতে এলেও ভারত ব্যাটিং চালিয়ে যায়, সুন্দরকেও শতক করার সুযোগ দিতে। শেষ পর্যন্ত ভারত ৪২৫/৪-এ ইনিংস ঘোষণা করে, ম্যাচ ড্র হয়।

খেলা শেষে জাদেজার সঙ্গে কথা

‘জেদি বালক’ স্টোকস, বললেন মাঞ্জরেকার

সঞ্জয় মাঞ্জরেকার স্টোকসের এমন আচরণকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, 'ম্যাচের পরে, জাদেজা বেন স্টোকসের কাছে হাত মেলাতে যান, বেন তখনও রেগে ছিলেন। আর যখন আসল আলোচনা চলছিল এবং তিনি যখন রেগে যাচ্ছিলেন, তখন জাদেজা ব্যাপারটা খুব ভালোভাবে সামলে নিয়েছিলেন। তিনি হেসে বলেন, কাম অন.. আমি শুধু অপেক্ষা করছিলাম ভিতর (ভারতীয় টিের ড্রেসিং রুমের) থেকে আমাকে কিছু বলার জন্য। এখন, শেষের দিকে, যখন জাদেজা বেন স্টোকসের কাছে গেলেন, এবং বেন করমর্দন করলেন না, তখন জাদেজাও তাঁর মেজাজ হারিয়ে ফেলেন, যা তিনি তার আগে পর্যন্তও নিয়ন্ত্রণে রেখেছিলেন। জেতার সুযোগ হাতছাড়া হওয়ার হতাশা থাকতে পারে, কিন্তু যেভাবে স্টোকস আচরণ করেছে, সেটা জেদি বালকের মতো। এতটা অপেশাদার আচরণ স্টোকসের মতো খেলোয়াড়ের কাছ থেকে অপ্রত্যাশিত।”

 অন্যদিকে, শুভমান গিল বলেছেন যে জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর সত্যিই ভালো ব্যাটিং করেছেন, তাই, তারা তাদের ব্যক্তিগত মাইলফলকগুলির জন্য খেলার যোগ্য ছিলেন। 

জাদেজা ও সুন্দর দু’জনেই শেষ দুই সেশন ব্যাট করে ইংল্যান্ডকে আর কোনো উইকেট নিতে দেননি। ৬৬৯ রানের বড় লিড নিয়েও ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। ভারতের এই লড়াকু ব্যাটিং এখন সিরিজকে ২-১ ব্যবধানে বাঁচিয়ে রেখেছে। ওভালে ৩১ জুলাই শুরু হতে যাওয়া শেষ টেস্টে সিরিজ ড্র করার সুযোগ থাকবে ভারতের সামনে।