জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবিদ সৌরভ ও তার সমর্থকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাফায়াত তূর্যের উপর হামলার অভিযোগ উঠেছে। এনসিপির পথসভা শেষে এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতা।
সোমবার (২৮ জুলাই ) বেলা দেড় টার দিকে পৌর শহরের ফৌজদারী মোড়ে এনসিপির পথসভা শেষে এই ঘটনা ঘটে।
আহত সাফায়াত তূর্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম-সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন।
অভিযুক্ত আবিদ সৌরভ জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহত তূর্য অভিযোগ করে বলেন, “আমি ফৌজদারি মোড়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে এনসিপির জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল আমাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে।”
তূর্য দাবি করে বলেন, “কয়েকদিন আগে তিনি তার ফেসবুক আইডি থেকে আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের জের ধরেই তার উপর এ হামলা চালানো হয়েছে বলে মনে করছেন তিনি।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক নেত্রী নাফিসা দিয়া বলেন, “আমি, তূর্য এবং আরও একজন বন্ধু মিলে গল্প করছিলাম। এ সময় এক যুবক এগিয়ে এসে তূর্যকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন? এরপরই হঠাৎ ২০/২৫ জন এসে হামলা চালায়।”
এ বিষয়ে কথা বলতে এনসিপি নেতা আবিদ সৌরভের বলেন, “পথসভা শেষ হওয়ার পর আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি অংশের সাথে সার্কিট হাউসে ছিলাম। তার ওপর হামলার খবর পেয়ে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে হাসপাতালে তাকে দেখতে যাই। কে বা কারা তার উপর হামলা করেছে তা জানি না। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই বা জড়িত না।”
এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, “এ ধরনের কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”