বেন স্টোকসের কাছে 'ব্যথা শুধু একটি অনুভূতি'

ড্র হওয়া ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভার মাঠে কাটানোর ক্লান্তির মাঝেও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তার সতীর্থদের বলেছিলেন, "ব্যথা শুধু একটি অনুভূতি।" তবু ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ ড্রয়ের পর তিনি জানিয়ে দিয়েছেন, দলের পেস আক্রমণে পরিবর্তন আসতে পারে ওভালের শেষ টেস্টে।

রবিবার ম্যাচের শেষ দিনে একটানা আট ওভারসহ মোট ১১ ওভার বল করেন স্টোকস। পুরো সময়টা কাঁধে ব্যথায় কুঁকড়ে যেতে দেখা যায় তাকে। পরে জানান, তার ডান হাতে বাইসেপ টেন্ডনের ব্যথা রয়েছে। যদিও তিনি মনে করছেন, বৃহস্পতিবার ওভালে শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টে খেলার সম্ভাবনা যথেষ্ট বেশি।

স্টোকস বলেন,"শরীরের অবস্থা আগের চেয়ে ভালো নয়। তবে খুব সম্ভবত আমি ওভালে খেলতে পারব। এটা আমার অলরাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করার সপ্তাহ ছিল। মাঠে অনেক সময় কাটাতে হয়েছে, ব্যথাটা একটু বেড়েছে, তবে দিনের মধ্যে বাড়েনি। তাই বল করেই গেছি।"

এই সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪০ ওভার বল করেছেন স্টোকস—এটা তার ব্যক্তিগত রেকর্ড। ভারতের প্রথম ইনিংসে নিয়েছেন আট বছরের মধ্যে প্রথম পাঁচ উইকেট, এরপর ব্যাটিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়লেও ফিরে এসে পরদিন দুই বছরের মধ্যে প্রথম টেস্ট সেঞ্চুরিও করেন।

প্রথম চার টেস্টে ইংল্যান্ড প্রায় ৯০০ ওভার মাঠে কাটিয়েছে। বোলাররা ক্লান্ত—স্টোকসের মতে, এ কারণেই কিছু "ফ্রেশ লেগস" দরকার পড়তে পারে। তিনি বলেন, "পরবর্তী দু-তিন দিন বিশ্রামের সময়টা খুব গুরুত্বপূর্ণ। দলে নতুনদের অন্তর্ভুক্তি হতে পারে, তবে সিদ্ধান্ত আসবে ম্যাচের কাছাকাছি গিয়ে।"

জেমি ওভারটনকে ইতিমধ্যেই স্কোয়াডে ডাকা হয়েছে। ব্রাইডন কারস ও ক্রিস ওক্স চারটি টেস্টেই খেলেছেন। আর্চার খেলেছেন পরপর দুই টেস্ট, দীর্ঘ বিরতির পর।