স্টোকসের চোখে পিটারসেনের চেয়েও প্রতিভাবান ব্রুক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

আধুনিক ক্রিকেটে প্রতিভার সংজ্ঞাটা যেন নতুন করে লিখছেন হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪৯ বলে ১১৪ রানের এক অবিশ্বাস্য ও অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে বিশাল জয় উপহার দিয়েছেন এই মারকুটে ব্যাটার। তার এই বিধ্বংসী ব্যাটিং কেবল ক্রিকেটপ্রেমীদেরই মুগ্ধ করেনি, রীতিমতো বাকরুদ্ধ করে দিয়েছে তার সতীর্থ ও দেশের তারকা ক্রিকেটারদেরও। 

সাউথ্যাম্পটনের মাঠে ব্রুকের এই তাণ্ডব দেখে ইংল্যান্ডের টেস্ট দলের সাবেক অধিনায়ক বেন স্টোকস তাকে অভিহিত করেছেন ‘পরম বিস্ময়’ বা ‘ফ্রিক’ হিসেবে।

ম্যাচটিতে ইংল্যান্ডের সাদা বলের দলের মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ‘জিনিয়াস’ কেভিন পিটারসেন। আর ব্রুকের ইনিংসটি দেখার পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে পিটারসেনের সঙ্গে তুলনা টেনে এক চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন স্টোকস।

সরাসরি নিজের মুগ্ধতা প্রকাশ করে স্টোকস এক্সে লিখেছেন, ‘আমার মনে হয় না যে, প্রতিভার দিক থেকে কেপির (পিটারসেন) মতো জিনিয়াসও হ্যারি ব্রুকের প্রতিভার কাছাকাছি আসতে পারবে।’ 

সমালোচকদের উদ্দেশে সরাসরি এক হাত নিয়ে স্টোকস আরও যোগ করেন, ‘এই ধরনের ক্রিকেটার যারা, তাদের ধরনটা যেমন, সেটি নিয়ে তাদের ভালো-মন্দ সব দিনেই প্রশংসা করা কি সত্যিই এত কঠিন? পাশাপাশি, এমন সব কাজের জন্য তাদের তিরস্কার করা বন্ধ করাও কি কঠিন, যা আমরা কোনোদিন, কোনোদিন, কোনোদিন করার কথা ভাবতেও পারি না, কারণ সেভাবে চিন্তা করার মতো যোগ্যতা আমাদের নেই?’ 

এরপর ব্রুককে সরাসরি বার্তা দিয়ে স্টোকস লিখেছেন, ‘তুমি একদম একটা ফ্রিক, হ্যারি। তোমার খেলা দেখাটা দারুণ।’ যদিও পরবর্তীতে আরেকটি পোস্টে স্টোকস কিছুটা পরিষ্কার করে জানান যে পিটারসেনকেও তিনি ছোট করছেন না, তবে তার চোখে ব্রুকের প্রতিভা অনন্য।

ব্রুকের এই ঝোড়ো ইনিংসে ভর করে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে ২৫৪ রানের পাহাড়ে চড়ে বসে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানরা ১৩৫ রানেই গুটিয়ে গেলে ১১৯ রানের বিশাল জয় পায় ইংলিশরা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত