ধানমন্ডিতে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু, গাড়িচালক আটক

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় সাদিয়া আক্তার (১২) নামের এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডির ৯/১ নম্বর রোডের ১২৭/বি রোডের আরমান খান গলি থেকে বাড়ির গাড়িচালক গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সাদিয়া আক্তার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বগাজোরি গ্রামে। বর্তমানে ধানমন্ডির পাঁচতলায় ভবনের তিনতলায় গৃহকত্রী হোসনে আরা বেগমের বাসায় প্রায় সাত মাস যাবৎ কাজ করত।

গৃহকর্মী সাদিয়াকে হাসপাতালে নিয়ে আসা বাসার গাড়ি চালক মো. মাকছুদ জানান, দুপুরে বাসার আরেক কাজের মেয়ে মারিয়া আক্তার ফোন দিয়ে বলে, সাদিয়া বাথরুমে জানালার গ্রিলের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়েছে। এরপর তিনি বাসায় গিয়ে সাদিয়াকে ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন দ্রুত তাকে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনার বিস্তারিত কিছুই জানাতে পারেননি গাড়ি চালক মাকছুদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে ওই গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে আসে মাকসুদ নামে গাড়িচালক। গাড়িচালককে ক্যাম্পে আটক রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে ধানমন্ডি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।