চোট কাটিয়ে জাতীয় দলে ফিরে শ্রীলঙ্কায় তিনটি ও দেশে পাকিস্তানের সঙ্গে দুটি সাদা বলের ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। এখন দলের অন্য সবার মতো বিশ্রামে। এর মধ্যে গুরুতর এক অভিযোগ এনে তাসকিনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন তারই এক বন্ধু।
তাসকিনের ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরিতে অভিযোগ করেন, রবিবার গভীর রাতে তাসকিন তাকে ফোনে ডেকে নিয়ে মারধর করে ও হুমকি দেন। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ‘তাসকিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এ কথা ছড়িয়ে পড়লে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অসন্তুষ্টি প্রকাশ করে। বিসিবির ইফতেখার রহমান মিঠু বলেন, ‘বিসিবির পক্ষ থেকে তদন্ত শুরু হয়ে গেছে। যদি ঘটনা সত্য হয়, তাহলে সেটা খুবই দুঃখজনক।’
তবে গতকাল বিকেলের দিকে বন্ধুকে মারধরের ঘটনাকে ‘গুজব’ বলে দাবি করেন তাসকিন। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি। ঘটনা সম্পর্কে জানতে চাইলে তাসকিন বলেন, ‘আমি কাউকে মারিনি। কাল (রবিবার) সন্ধ্যায় আমার এক বন্ধু রসির সঙ্গে আমাদেরই আরেক বন্ধু সৌরভের হাতাহাতি হয়। ঘটনা শুনে আমি মোহাম্মদপুর থানার ওসিকে অনুরোধ করি বিষয়টি দেখতে। পরে ওসি ঘটনার তদন্তে নামলে সৌরভরা ক্ষিপ্ত হয়ে আমার নামে অনেক রাতে মিরপুর মডেল থানায় ডায়েরি করে।’ তাসকিনের দাবি, তার বিরুদ্ধে অভিযোগ করে এখন উল্টো বিব্রত অভিযোগকারীরা, ‘আমি সৌরভকে জিজ্ঞেস করেছি, তুই এটা কেন করলি? আমার নামে অভিযোগ কেন দিলি? আমি তো সেখানে ছিলামই না! সে বলেছে, সে নাকি এটা ইমোশনালি করে ফেলেছে।’
থানায় অভিযোগ জানানোর ঘটনা নিজের জন্য অস্বস্তিকর এবং মর্যাদাহানির বলে মনে করেন তাসকিন, ‘বিষয়টা নিয়ে আজ (গতকাল) সকাল থেকে অনেক কিচ্ছু হচ্ছে, আমি টায়ার্ড। এটা এখানেই শেষ হয়ে যাওয়া উচিত। তবে পুলিশ চাইলে তদন্ত করে দেখতে পারে, আমি আসলেই এ রকম কিছু করেছি কি না।’
পরে এক ফেসবুক পোস্টেও তাসকিন লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি, এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না।’ তিনি আরও লিখেছেন, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই, বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। আশা করি সত্যের সঙ্গেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’