‘সো লং ভ্যালি’ ছবির প্রিমিয়ারে প্রযোজক-পরিচালক মান সিংকে জুতো খুলে মেরে বিতর্কে জড়ানো সেই অভিনেত্রী রুচি গুজ্জর বিরুদ্ধে এবার দায়ের করা হলো ১০ কোটি রুপির মানহানি মামলা। অভিযোগ, সিনেমার সুনাম ক্ষুন্ন করতেই প্রিমিয়ারের দিন ইচ্ছে করে গোল বাঁধিয়েছিলেন রুচি। এহেন কাণ্ডকারখানায় যাতে ‘সো লং ভ্যালি’র সাফল্য ধামা চাপা পড়ে যায়, সেটাই ওর অভিপ্রায় ছিল, বলে অভিযোগ পরিচালক-প্রযোজকের। সেই প্রেক্ষিতেই এবার রুতি গুজ্জরের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মান সিং।
এ প্রসঙ্গে প্রযোজকদের তরফে এক যৌথ বিবৃতি দিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। সেখানে উল্লেখ, রুচি গুজ্জর ‘সো লং ভ্যালি’র সহ প্রযোজক করণ চৌহানকে ২০-৩০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে ওই টাকা ফেরত না পাওয়ায় খেপে যান মডেল-অভিনেত্রী। এরপরই নাকি রুচি বাকি শিল্পীদের ওই সিনেমা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। তবে তার পরও যখন সিনেমাটি তৈরি হয়, তখন আদালতের দ্বারস্থ হয়ে মুক্তি আটকাতে চেয়েছিলেন তিনি। তাতেও লাভ হয়নি!
অভিনেত্রীর আবেদন খারিজ করে দেয় কোর্ট। আদালতের তরফে জানানো হয়, সিনেমা প্রযোজনা নিয়ে তো রুচি গুজ্জরের সঙ্গে কোনও চুক্তি হয়নি। ব্যক্তিগত স্বার্থেই তিনি ওই টাকা প্রযোজককে দিয়েছিলেন। তাই রিলিজের ক্ষেত্রে তিনি কোনও হস্তক্ষেপ করতে পারবেন না। এরপরই প্রিমিয়ারের দিন রুচির রণং দেহি অবতার দেখা যায়। যে ভিডিও আপাতত নেটপাড়ার চর্চায়। বিতর্কের ঝড়!
কেন রুচির ক্ষোভ করণ-সহ ওই ছবির প্রযোজকদের বিরুদ্ধে? অভিনেত্রীর অভিযোগ, তিনি প্রযোজকদের প্রায় ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। তাঁরা কথা দিয়েছিলেন রুচিকে নিয়ে সোনি টিভিতে একটি শো বানাবেন। কিন্তু সেই টাকা তাঁরা ছবিটির নির্মাণে লাগিয়ে দিয়েছেন। এই অভিযোগেই ছবির অন্যতম প্রযোজক করণের বিরুদ্ধে। সেই সঙ্গেই প্রিমিয়ারে হাজির হয়েও তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে দাবি। জানা গিয়েছে, রুচির সঙ্গে রীতিমতো একটি দল সেখানে হাজির হয়। অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। তারা স্লোগান দিচ্ছিলেন প্রযোজকদের বিরুদ্ধে।