কাঁধের চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। তার অনুপস্থিতি কিউইদের নেতৃত্ব দেবেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। আগামীকাল বুলাওয়ে টেস্টে নিউজিল্যান্ডের ৩২তম টেস্ট অধিনায়ক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন স্যান্টনার।
ল্যাথাম চলতি মাসের শুরুর দিকে বার্মিংহামের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় এই চোটে পড়েন। বুলাওয়ে টেস্টের একাদশে থাকার মতো পুরোপুরি সেরে ওঠেননি এখনো। তবে তিনি স্কোয়াডের সঙ্গেই থাকবেন। সব ঠিক থাকলে আগামী ৭ আগস্ট শুরু হওয়া দ্বিতীয় টেস্টে দেখা একাদশে দেখা যাবে তাকে।
ল্যাথামের ছিটকে পড়া নিয়ে কিউই কোচ রব ওয়াল্টার বলেন, ‘অধিনায়ক হিসেবে নয়, একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবেও টমের প্রথম টেস্টে না থাকা অত্যন্ত হতাশার। আপনার বিশ্বমানের একজন ওপেনিং ব্যাটার ও দলের প্রাণভোমরা অধিনায়ককে হারানো কখনোই ভালো না। তবে আমরা জোর চেষ্টা করব যাতে সে দ্বিতীয় টেস্টের আগে ফিটনেস ফিরে পায়। যদি খেলোয়াড় পরিবর্তানের প্রয়োজন হয়, আমরা পরিস্থিতি মূল্যায়ন করে তারপর তা বিবেচনা করবো। তবে এই মুহূর্তে আমরা আশা করছি সে সেরে উঠবে।’
জিম্বাবুয়ের মাটিতেই মাত্র শেষ হওয়া টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ জিতিয়েছেন অধিনায়ক স্যান্টনার। যেখানে নিউজিল্যান্ড রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তিন রানে হারিয়ে শিরোপা জেতে। তাকে নিয়ে কোচ জানান, ‘মিচ এই সিরিজে টি-টোয়েন্টি দলটিতে চমৎকার নেতৃত্ব দিয়েছে। কৌশলগতভাবে সে দুর্দান্ত ছিল এবং তার খেলাটি নিয়ে গভীর জ্ঞান রয়েছে। যদিও ফরম্যাট আলাদা হলেও দলের খেলোয়াড়দের কাছ থেকে সে শ্রদ্ধা পায় এবং অভিজ্ঞ টেস্ট খেলোয়াড়দের সমর্থন পাবে। আমি বিশ্বাস করি সে ভালোভাবেই দায়িত্ব পালন করবে।’