এশিয়ান কাপে ঋতুপর্ণাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া চীন উজবেকিস্তান

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম

প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারীরা। সেখানে 'বি' গ্রুপে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের সঙ্গে খেলতে হবে ঋতুপর্ণা-আফিদাদের। আজ সিডনিতে অনুষ্ঠিত ড্রয়ে 'বি' গ্রুপে জায়গা হয় বাংলাদেশের। 

বাংলাদেশের গ্রুপটি সবচেয়ে কঠিন। চীন ৯ বারের এশিয়ান চ্যাম্পিয়ন, আর উত্তর কোরিয়া তিনবারের চ্যাম্পিয়ন। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ যেখানে ১২৮ নম্বরে, সেখানে উত্তর কোরিয়া ৯ আর চীন ১৭ নম্বরে। এমনকি উজবেকিস্তানও বাংলাদেশ থেকে ৭৭ ধাপ উপরে। 

৩ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ম্যাচটি হবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। ৬ মার্চ একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। আর ৯ মার্চ পার্থ রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।

আগামী বছরের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তিন গ্রুপের সেরা তৃতীয় স্থানীয় দল খেলবে কোয়ার্টার ফাইনালে। এই ৮ দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে এবার অতীতের সব রেকর্ড ভাঙে বাংলাদেশের নারীরা। ২০১৪ ও ২০২২ আসরে পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। কিন্তু গত ২৯ জুন থেকে ৫ জুলাই মিয়ানমারে হওয়া এশিয়ান বাছাইয়ে তিন ম্যাচের তিনটিতেই দাপুটে জয় তুলে নেয় তহুরা-আফঈদারা।

গ্রুপিং

গ্রুপ এ: অস্ট্রেলিয়া (ফিফা র‌্যাংকিং ১৫), দক্ষিণ কোরিয়া (২১), ফিলিপাইন (৪১), ইরান (৬৮)

গ্রুপ বি: উত্তর কোরিয়া (৯), চীন (১৭), উজবেকিস্তান (৫১), বাংলাদেশ (১২৮)

গ্রুপ সি: জাপান (৭), ভিয়েতনাম (৩৭), চাইনিজ তাইপে (৪২), ভারত (৭০)

এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয় সিডনিতে

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত