দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরুজ্জামান (৪৫) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা দাউদপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান হেয়াতপুর এলাকার গোলাম মোর্তুজার ছেলে। তিনি হেয়াতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে নিজ বিদ্যালয় থেকে মোটরসাইকেল নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আসছিলেন কামরুজ্জামান। ৪টার দিকে উপজেলা ব্র্যাক অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের পেছনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।