দীর্ঘ চার বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজের বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহী। সাধারণ সম্পাদক হয়েছেন সঙ্গীত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সর্দার জহুরুল ইসলাম। দুজনেই লেখাপড়া শেষ করেছেন অনেক আগে। তাদের কারও নিয়মিত ছাত্রত্ব নেই।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি, জান্নাতুন নাঈম তুহিনা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহমুদুল ইসলাম মিঠু এবং দপ্তর সম্পাদক হয়েছেন নাফিউল জীবন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী সাত দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো। সম্মেলনের মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল হল কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হলো। হল কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠিত হবে।’
বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল সূত্রে জানা যায়, সবশেষ ২০২১ সালের ১৬ জুলাই সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। নতুন সভাপতি সুলতান আহমেদ রাহী আগের কমিটিতে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের কারও নিয়মিত ছাত্রত্ব নেই। রাহীর দাবি তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যাকালীন মাস্টার্স কোর্সে ভর্তি আছেন। আর সর্দার জহুরুল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের ভাষা শিক্ষার শর্ট কোর্সে ভর্তি আছেন।