শরীয়তপুরে নিহত ২ শিক্ষার্থীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীমের কবরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে সামরিক মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনীর উইং কমান্ডারসহ ১৪ সদস্য। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নের মাঝিকান্দি ছামীমের বাড়িতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।  

পরে নিহতর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উইং কমান্ডার আল আমিন নিহতর পরিবারের সঙ্গে দেখা করেন। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তারা। যে কোন প্রয়োজনে নিহত শিশুর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে একই উপজেলার নারায়ণপুরে বিমান দুর্ঘটনায় নিহত তাসমিন আফরোজ আয়মানের বাসায় যান বিমান বাহিনীর সদস্যরা। সেখানেও নিহতর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।  

বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আল আমিন বলেন, আমাদের বিমান বাহিনীর কোন সদস্য যদি মৃত্যু বরন করেন যেভাবে রাষ্ট্রিয় মর্যাদায় তাদের দাফন করা হয়। সেভাবে দাফন করার সুযোগ আমরা পাইনি। পর্যায়ক্রমে আমরা শহীদ শিশুদের কবরে পূর্ণ সামরিক মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করছি।  

তিনি আরো বলেন, বিমান বাহিনীর সদস্যরা যে সুযোগ সুবিধা পাবে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতর পরিবারও সেই সুযোগ সুবিধা পাবে বলে জানান এই উইং কমান্ডার।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন সদস্যসহ নিহতর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।