এমবাপ্পের গায়ে ১০ নম্বর জার্সি; আকাশ ছুঁতে চাইলেন রিয়াল তারকা

ক্লাব ফুটবল ক্যারিয়ারে সাত বছর পর আবার ১০ নম্বর জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সর্বশেষ প্রথম ক্লাব মোনাকোর হয়ে তিনি এই নম্বরের জার্সি পরেছিলেন। পিএসজিতে বেশিরভাগ সময় খেলেছেন ৭ নম্বর জার্সিতে। রিয়ালে প্রথম মৌসুমে তিনি ৯ নম্বর জার্সি পেলেও এবার তার গায়ে উঠতে যাচ্ছে ১০ নম্বর জার্সি, যেটা এতদিন পরতেন লুকা মদ্রিচ।

রিয়ালের ইতিহাসের সফলতম ফুটবলার লুকা মদ্রিচের বিদায় নিশ্চিত হওয়ার পর অনুমিতই ছিল, তার জার্সির উত্তরসূরী হচ্ছেন এমবাপ্পে। সোশ্যাল মিডিয়ায় এমবাপ্পে নিজের একটা ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তিনি আকাশের দিকে আঙুল উঁচিয়ে রেখেছেন, যেন ছুঁতে চাইছেন আকাশ। জার্সির পেছনে খোদাই করা, ‘এমবাপ্পে ১০’। পাশেই আরেকটি ছবি, লকার রুমে হ্যাঙারে ঝুলিয়ে রাখা সেই জার্সি। যথারীতি সেখানেও জ্বলজ্বল করছে লেখা ‘এমবাপ্পে ১০’।

ফ্রান্স জাতীয় দলে অনেকদিন ধরেই ১০ নম্বর জার্সি পরছেন এমবাপ্পে। এই জার্সি পরি তিনি ২০১৮ বিশ্বকাপ জিতেছেন, গত কাতার বিশ্বকাপে হয়েছেন রানার্সআপ। রিয়ালের ১০ নম্বর জার্সির সঙ্গে অনেক ফুটবল গ্রেটদের নাম জড়িয়ে আছে। লুই ফিগো, ফেরেন্স পুসকাস, ক্ল্যারেন্স সিডর্ফ, রবিনহো, মেসুত ওজিল, হামেস রদ্রিগেজ থেকে লুকা মদ্রিচ এই জার্সিতে মাঠ মাতিয়েছেন। এবার দেখার, এমবাপ্পে এই জার্সির মান কতটা উঁচুতে তুলে ধরেন।