টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে মহসিনা আক্তার মীম (৩০) নামের এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মীম ওয়ার্ডের মাহবুবুর রহমানের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা মীম ৫ মাস আগে দুবাই থেকে বাংলাদেশে এসে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে তার বোনের বাসায় থাকতেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তার বড় বোনের কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে তার ঘরে প্রবেশ করেন। দীর্ঘক্ষণ তার ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে ভেতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন কান্নাকাটি শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।