আনোয়ারা উপকূলে ভেসে আসল অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে ভেসে এসেছে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ। বুধবার (৩০ জুলাই) দুপর ১২টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার বালুচরে অজ্ঞাত লাশটি উদ্ধার করেছে নৌ পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে তীরবর্তী পরুয়াপাড়া বালুচরে দুপুর ১২টার দিকে একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তার পরনে ছিল শুধু টাউজার প্যান্ট। জোয়ারের পানিতে লাশটি ভেসে বালুচরে উঠে আসলে ভাটা সময় কুলে আটকা পড়ে। 

গহিরা বার আউলিয়া ঘাট নৌ পুলিশের ইনচার্জ কায়সার হামিদ জানান, রায়পুর এলাকায় বঙ্গোপসাগরে একটি লাশ ভেসে আসার খবর স্থানীয়রা জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করেছি। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।