পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে অংশ নেওয়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজি প্রায় ৯৭ কোটি রুপি (প্রায় ৩৪ কোটি টাকা) আয় করতে যাচ্ছে কেন্দ্রীয় রাজস্ব তহবিল থেকে। তবে খেলোয়াড়দের পাওনা পরিশোধে দেরি, অভ্যন্তরীণ অকার্যকারিতা ও প্রশাসনিক অনিশ্চয়তা এ আয় ঘোষণাকে কিছুটা ম্লান করে দিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি এক অর্থনৈতিক বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এই সম্ভাব্য আয়সংক্রান্ত তথ্য দিয়েছে। যদিও এ আয় হিসাব থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক ও অন্যান্য খরচ (যেমন ভ্রমণ, আবাসন ইত্যাদি) বাদ পড়েছে। দলভিত্তিক স্পনসরশিপ থেকে পাওয়া আয় এই কেন্দ্রীয় তহবিলের বাইরে হিসাব করা হচ্ছে।
সূত্র বলছে, এই আয়ের পরও বার্ষিক ১০০ কোটির বেশি ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়া মুলতান সুলতানস ছাড়া সব দলই লাভে থাকছে। তবে এখনও চূড়ান্ত হিসাব প্রস্তুত হয়নি, কিছুটা ওঠানামা হতে পারে।
তবে ফাইনালের এক মাস পরেও খেলোয়াড়দের চুক্তিভিত্তিক ৩০% বকেয়া পরিশোধ হয়নি। সাধারণত টুর্নামেন্ট চলাকালে চুক্তির ৭০% পরিশোধ করা হয়, বাকি ৩০% ফাইনালের পর পিসিবির মাধ্যমে দেওয়া হয়। কিন্তু কিছু দলের পক্ষ থেকে এখনো পূর্ণাঙ্গ হিসাব পত্র জমা না দেওয়ায় পেমেন্ট আটকে আছে।
পিএসএল নীতিমালার অধীনে, ইনজুরিতে ছিটকে যাওয়া খেলোয়াড়দের পুরো পারিশ্রমিকের ৫০% দেওয়া হয়, আর ম্যাচ না খেলা খেলোয়াড়দের দেওয়া হয় ২০%। তবে সব দল এই নিয়ম কড়াকড়িভাবে অনুসরণ করে না।
অভ্যন্তরীণ জটিলতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এশিয়া কাপ ব্যস্ততায় নতুন প্রধান পরিচালনা কর্মকর্তা সালমান নাসির এখনো পুরো প্রশাসনিক কাঠামো গড়তে পারেননি। এখন পর্যন্ত কেবল দুই সদস্যের একটি টিম নিয়ে চলছে পিএসএলের কাজ, যা নিয়ে উদ্বিগ্ন ফ্র্যাঞ্চাইজিগুলো।
এর মধ্যে শোয়েব খালিদ নামের অভিজ্ঞ প্লেয়ার অ্যাকুইজিশন ম্যানেজারের পদত্যাগ খেলোয়াড় চুক্তি সংক্রান্ত প্রক্রিয়াকে আরও দুর্বল করে তুলেছে।
আগামী মৌসুমের (পিএসএল ১১) আগে স্পনসরশিপ চুক্তি নবায়ন, মিডিয়া স্বত্ব, ফ্র্যাঞ্চাইজি ফি পুনর্নির্ধারণ এবং নতুন দুটি দলের অন্তর্ভুক্তি—সবকিছুই এখনো ঝুলে আছে। এমনকি নতুন মৌসুমের সময় জানিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেয়নি পিসিবি।
অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি এখনো তাদের ৫০% রাজস্ব ভাগ বুঝে পায়নি, যা গত ৫ জুলাই পরিশোধ হওয়ার কথা ছিল। তবে পিসিবি আশ্বাস দিয়েছে, খেলোয়াড়দের সব বকেয়া পরিশোধ কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে।
ওভালে খেলা হচ্ছে না স্টোকসের, ইংল্যান্ড দলে চার পরিবর্তন
সেরা খেলোয়াড়ের পুরস্কার ১০০ ডিম, ২০ লিটার দুধ, ৪০ ব্যাগ ওটমিল
খেলার সুযোগ না পাওয়া ‘লিটল ডেভিল’ ম্যান সিটি ছাড়তে পারেন 