নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাত্র ১০ হাজার টাকা বকেয়া দোকান ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা করেছে বিএনপির সুমনপন্থী নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে ঐ ঘটনা ঘটে।
নিহতের নাম জাহাঙ্গীর হোসেন (৫৮)। তিনি ঐ এলাকার তালেব আলীর ছেলে।
নিহত জাহাঙ্গীর পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সালমদী বাজারে তার একটি মুদি দোকান রয়েছে। এছাড়া ঐ বাজারে তার আরও ৩টি দোকান রয়েছে।
নিহতের ছেলে রাসেল জানান, ৫ আগস্টের পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমনের অনুসারি মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজারে তার বাবার কাছ থেকে বছরে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩টি দোকান ভাড়া নেন। এর একটি দোকানে বিএনপির কার্যালয় স্থাপন করেন। বাকি ২টি দোকানের ভাড়া পরিশোধ করলেও যে দোকানটিতে বিএনপির কার্যালয় করেছেন সেটির ভাড়া পরিশোধ করেননি।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তার বাবা জাহাঙ্গীর হোসেন ভাড়া চাইতে বিএনপি কার্যালয়ে তোতা মেম্বারের কাছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু করেন। ঐ সময় উভয়ের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে তোতা মেম্বার জাহাঙ্গীরকে চড় দেয়।
খবর পেয়ে তোতা মেম্বারের ছেলে খোকন, রাসেল, ভাতিজা সাদ্দাম, আলমসহ আরও কয়েকজন তার বাবাকে বিএনপি কার্যালয়ের ভেতরেই এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহতবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে বিএনপি নেতা তোতা মেম্বার ও তার অনুসারিরা আত্মগোপনে চলে যায়। নিহতের ছেলে রাসেল আরও জানান, ভাড়ার বিষয়টি বিএনপির নেতা সুমনকে জানানো হয়েছিল।
আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঐ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।